জিম্বাবুয়েতে ঈদ কবে? প্রশ্নটা যে বাংলাদেশ দলের খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্টের সদস্যদের কাছে এত কঠিন হয়ে যাবে, কে ভেবেছিল! কাল সকালে মোবাইল ফোনে দলের যাঁকেই জিজ্ঞেস করা হলো, ‘হারারেতে ঈদুল আজহা কবে’—দুই রকম উত্তর মিলছিল।
শুরুতে কেউ বললেন, ২০ জুলাই অর্থাৎ আজ মঙ্গলবার। যদি আজ হারারেতে ঈদ হয়, তাহলে তো সিরিজের তৃতীয় ওয়ানডে পড়ে যাচ্ছে ঈদের দিনই। কেউ আবার বললেন, না, কাল ২১ জুলাই, বুধবার। টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম পরে নিশ্চিত করলেন, মঙ্গলবার নয়, হারারেতে ঈদ বুধবার।
বিদেশ সফরের মধ্যে ঈদ পড়ে যাওয়া খেলায় আর নতুন কী! ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল রোজার ঈদের দিনে (ইংল্যান্ডে অবশ্য সেটি ছিল ঈদের পরের দিন)। বাংলাদেশ দল তখন লন্ডনে থাকলেও উৎসবের আমেজ ছিল দলে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা মাশরাফিরা ভেসেছিলেন প্রবাসীদের শুভেচ্ছা–বৃষ্টিতে। ঈদের দিন বাংলাদেশের সাংবাদিকেরা জড়ো হয়েছিলেন টিম হোটেল পার্ক প্লাজা রিভারব্যাঙ্কের সামনে। লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মস্ক থেকে ঈদের নামাজ আদায় করে সাকিবরা ফিরতেই ব্যস্ত হয়ে পড়েছিল আলোকচিত্রীদের ক্যামেরা।
লন্ডনের ঈদের কথা বলার একটাই কারণ, দুই বছর আগেও পৃথিবীটা ছিল অন্য রকম। তখন কোভিড বা করোনাভাইরাসের আতঙ্ক–ভয় ছিল না এই বসুধায়। খেলার ব্যস্ততায় প্রবাসে ঈদ করতে হলেও সাকিব–তামিমরা একটু হলেও উৎসবের আমেজ পেয়েছেন। কিন্তু এবার হারারের ঈদে সেসব কিছুই সম্ভব নয়। জৈব সুরক্ষাবলয় অটুট রাখতে মাঠ–হোটেলেই সীমাবদ্ধ দলের সব কার্যক্রম। সাকিব আর মোস্তাফিজুর রহমানের অবশ্য এরই মধ্যে বায়োবাবলে ঈদ উদ্যাপনের অভিজ্ঞতা হয়েছে। এবার বাকিদেরও হবে।
‘পৃথিবী কি আগের অবস্থায় আছে? বায়ো-বাবলে আবার কিসের ঈদ! অনুশীলন না থাকলে রুমেই কাটবে ঈদ’—ফোনে বলছিলেন এক ক্রিকেটার। সফরের মাঝপথে ঘরবন্দী এই ঈদকে সাজ্জাদুল আলম দেখছেন এভাবে, ‘আমরা একটি জাতীয় দায়িত্বে এসেছি। দায়িত্বটা কীভাবে ঠিকঠাক শেষ করব, আমাদের ভাবনায় শুধুই এটাই কাজ করছে।’
সাকিব–তামিমরা তবু হারারের হোটেলে ঈদ করতে পারবেন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের ঈদ করতে হতে পারে বিমানেই! আজ সিরিজের শেষ ওয়ানডের পরই তাঁদের দেশে ফেরার কথা।
করোনা আক্রান্ত পৃথিবীতে ঈদ উদ্যাপন যেমনই হোক, বাংলাদেশ দল সেটি রঙিন করতে পারে একটিই উপায়ে—আজ জিম্বাবুয়েকে তাদেরই মাঠে প্রথমবারের মতো ধবলধোলাই করা।
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
